আ.লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সহিংসতা, গুলিবিদ্ধ-১৭

বাগেরহাট সদর উপজেলায় এক ইউপি সদস্য ও সদস্য পদ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার ডেমা গ্রামে বর্তমান ইউপি সদস্য মো: সাজিব তরফদার ও সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গোলাগুলিতে দু‘পক্ষের অন্তত ১৭ আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ডেমা গ্রামে এ সহিংসতা ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এঘটনায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য পদ প্রার্থী অহেদ মোস্তফা জানান, গতকাল আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। নির্বাচনের জন্য আমার কর্মী সমর্থকদের নিয়ে দোয়া চাইতে বের হলে বিএনপি সমর্থিত বর্তমান ইউপি সদস্য মো: সাজিব তরফদারের বাড়ীর সামনে দিয়ে যাওয়ার পথে আমাদের ইপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে আমার অনেক সর্মথক গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে বর্তমান ইউপি সদস্য সজিব তরফদারের ভাই সোহেল তরফদার জানান, আমার ভাই সজিবকে হত্যার উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসে মিন্টু তরফদার ও বাপ্পি শেখসহ কয়েকজন। আমার ভাইকে ডাকলে সে বের না হয়ে আমার মা সকিনা আক্তার বুলু বাইরে এসে তাকে ডাকার কারণ জানতে চাইলে আমার মায়ের উপরই গুলি চালায়। এ সময় আমার মা, মেহেরুন বেগম, সোহেল,রিপন তরফদার ও সুজা তরফদার গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে আমরা খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেছি। আমার মায়ের অবস্থা এই মুহূর্তে সংকটাপন্ন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, আমরা এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে ভর্তি করেছি। তবে এদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে। এই ক্ষতগুলো শটগানের গুলি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা সহিংসতার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর