প্রতিবছরের মতো এবারের ২৫ মার্চেও গণহত্যা দিবসকে স্মরণ করে এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন (ব্ল্যাক আউট) থাকবে পুরো দেশ। একাত্তরের কালরাতের প্রথম প্রহরকে স্মরণ করে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন জরুরী স্থাপনা ছাড়া সবর্ত্র এক প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত কেপিআই বা জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদফতর, সকল জেলা প্রশাসক (ডিসি) ও সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
বার্তাবাজার/এসজে