শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধনে চেয়ারম্যান জাকিরের লোকজনের হামলা!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর আর.এন.টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের শাস্তির দাবিতে মানববন্ধন চলাকালে ভাইস চেয়ারম্যানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে মানববন্ধন পন্ড করে দেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গরা বাজারের বড় ব্রিজে এ মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে।

এর আগে মানববন্ধনে একাত্ততা পোষন করে অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আরিখ খান, লোকমান মেম্বার, লিটন সরকার, টিপু মিয়া, ডাক্তার শওকত হোসেন, আল-আমিন খান, রুবেল সরকার, আজহারুল ইসলাম, শিশু মিয়াসহ কয়েক শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আল আমিনকে লাঞ্ছিত করার মাধ্যমে পুরো শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে। একজন জনপ্রতিনিধির কাছে এমন জগন্যতম নিন্দনীয় কাজ কখনোও জাতি আশা করে না।

বক্তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় সাংসদ ও প্রশাসনের কাছে অতি দ্রুত অভিযুক্ত ভাইস চেয়ারম্যানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠিন আন্দোলনসহ নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক অচল করে দেওয়ার হুঁশিয়ারী দেন বক্তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার নবীনগর উপজেলা পরিষদ চত্তরে প্রধান শিক্ষক আল আমিন খানের উপর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নেতৃত্বে একদল লোক আক্রমণ করে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছাত্র-ছাত্রীসহ সর্বমহলে সাধারণ মানুষ ভাইস চেয়ারম্যান সাদেকের শাস্তির দাবিতে প্রতিবাদে ফেঁটে পড়ে।

ঘটনার ২দিন পরও স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসন এই ঘটনার কোন ব্যবস্থা গ্রহন না করায় ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন জাড়েরা গ্রামবাসী।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর