বাইডেনের হুমকি: দেশে যাচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত, যুদ্ধের আশঙ্কা

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘দেখে নেওয়ার’ হুমকির পর পরামর্শের জন্য জরুরি ভিত্তিতে শনিবার (২০ মার্চ) দেশে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এর ফলে দু’দেশের বিদ্যমান সম্পর্কের আরও অবনতি হতে পারে, এমনকি যুদ্ধেরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দূতাবাসের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাস জানায়, আগামী ২০ মার্চ, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অন্তোনভ মস্কোর উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন। সংকটে থাকা রুশ-মার্কিন সম্পর্ক সংশোধনে আলোচনা করার পরিকল্পনা রয়েছে আনাতলির।

রুশ দূতাবাস জানায়, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের হঠকারী মন্তব্যে দুই দেশের মধ্যকার অতিমাত্রায় সাংঘর্ষিক সম্পর্ক ভেঙে পড়ার হুমকিতে রয়েছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপ করার খেসারত দিতে হবে তাকে।

এতে রাশিয়ার সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। পরামর্শের জন্য বুধবার যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া বাইডেনের প্রার্থিতা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বলে দেশটির গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, তাকে (পুতিন) এর খেসারত দিতে হবে। পুতিনকে তিনি খুনি বলে মনে করেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, তা-ই মনে করি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পরামর্শ করতে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলিকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবকভ বলেছেন, রুশ-মার্কিন সম্পর্কের অবনতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর