মুজিববর্ষের খিচুড়ি খেতে গিয়ে কৃষক খুন, ৩০ বাড়ি লুট

ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত খিচুড়িভোজ থেকে ফেরার পথে আকমল শেখ (৬০) নামের এক কৃষককে কোপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

বুধবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর নিহতের লোকজন ক্ষিপ্ত হতে প্রতিপক্ষের অন্তত ৩০টি বাড়িঘরে লুটতরাজ চালিয়েছে।

স্থানীয়দের ধারণা চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক জামাল মাতাব্বরের সাথে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি হাসমত মাতব্বরের লোকজনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এর আগে উভয় পক্ষের সংঘর্ষে জামাল মাতুব্বরের ভাই দেলোয়ার মাতুব্বর নিহত হন, এ ব্যাপারে মামলা চলমান।

জানা যায়, উপজেলার চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক জামাল মাতব্বরের সঙ্গে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত মাতুব্বর গ্রুপ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন শেষে রাতে খিচুড়ি ভোজের আয়োজন করে। আকমল শেখ অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আকমল শেখ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত মাতব্বর পক্ষের সমর্থক। নিহতের ঘটনায় হাসমত পক্ষের লোকজন প্রতিপক্ষ জামাল মাতব্বর লোকজনের ২৫ থেকে ৩০টি বাড়িতে ব্যাপক লুটপাট চালায়। এর আগে গত ২০১৮ সালে দুই গ্রুপের সংঘর্ষে জামাল মাতব্বরের চাচাতো ভাই দেলোয়ার মাতব্বর নিহত হয়।

নিহত আকমল শেখের ছোট ভাই জাকির শেখ বলেন, আমরা অনুষ্ঠান শেষে খিচুড়ি খাচ্ছিলাম। বাড়ির মহিলাদের চিৎকারে এগিয়ে এসে দেখি আমার ভাই জখম অবস্থায় পড়ে আছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা দেখতে পারিনি। শত্রুতার কারণে হয়তো আমার ভাইকে খুন করা হয়েছে।

বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর