চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ৩৭টি ঘর

পাবনার চাটমোহর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৩৭টি ঘর। আগুনে শুধু তাদের ঘরই পোড়েনি, পুড়েছে ১২টি পরিবারের সব স্বপ্ন। নিঃস্ব পরিবারগুলো এখন অবস্থান করছে খোলা আকাশের নিচে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, ২১টি ঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার হোগলবাড়িয়া গ্রামের কৃষক আওয়াল প্রামানিকের বসতঘরে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশাপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘর মিলিয়ে ৩৭টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরসহ ঘরের ভেতরে থাকা নগদ টাকা, ফসলাদি, মোটরসাইকেল, আসবাবপত্র, পোশাক সবকিছু পুড়ে গেছে। কোনো কিছু ঘর থেকে বের করার সুযোগ পায়নি কেউ। তাদের ক্ষতির আশঙ্কা প্রায় অর্ধকোটি টাকা।

ডিবিগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আফসার আলী বার্তা বাজারকে জানান, ক্ষতিগ্রস্থদের মধ্যে পাট ব্যবসায়ী নান্টু প্রামানিকের ৩টি ঘর, ১টি মোটর সাইকেল, নগদ ৩ লাখ টাকাসহ আসবাবপত্র, আয়নাল প্রামানিকের ১টি ঘর, শাহেদ আলীর ৩টি ঘর, জায়দুল ইসলামের ৩টি ঘর, জাকিরুল ইসলামের ৩টি ঘর, আফজাল হোসেনের ২টি ঘর, আফান আলীর ৪টি ঘর, আব্দুর রশিদের ৫টি ঘর, জয়নাল আবেদীনের ৬টি ঘর, বাকিবিল্লাহর ৩টি ঘর, বাবুল হোসেন ওরফে বাবু মিয়ার ২টি ঘর এবং আব্দুল লতিফের ২টি ঘর পুড়েছে।

চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইনুর রহমান বার্তা বাজারকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আয়নালের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্থদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই কর্মকর্তা বার্তা বাজারকে জানান, আগুনে ১৬টি বসতঘর, ৪টি রান্নাঘর, ১টি গোয়াল ঘর সম্পূর্ন পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম বার্তা বাজারকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান ও পাবনা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর থাকার জন্য তাবু দেওয়ার কথা জানিয়েছেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর