সুনামগঞ্জ জেলাধীন সাল্লায় উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হচ্ছে। অথচ এই সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, আওয়ামী সরকার যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।
বিবৃতিতে সুনামগঞ্জ জেলাধীন সাল্লায় উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনা এক অশনি সংকেত। তিনি অবিলম্বে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির জোর দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কোনো হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এদেশে সব ধর্মের মানুষ কোনো ধরনের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে আসছে এবং পারস্পারিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে বসবাস করছে।
তিনি বলেন, এদেশের জনগণ এখন ভয়ংকর দুঃসময়ের মধ্যে দিনাতিপাত করছে। ভয়াল পরিবেশের কারণে এদেশে মানুষের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী সরকার বিরোধী মত ও দলের নেতাকর্মীদের দমন ও নির্যাতনে ব্যস্ত থাকার কারণে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ উদাসীন। আর এজন্য একের পর এক নিরীহ মানুষের ওপর হামলা, নির্যাতন ও জুলুম অব্যাহত রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনোই কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। এদেশের সব সম্প্রদায়কে যে কোনো উসকানির মুখে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারী দুস্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে তারা মানবজাতির শত্রু।
বার্তাবাজর/ই.এইচ.এম