ইনসেপ্টা বিশ্বমানের ভ্যাকসিন উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে: স্বাস্থ্যমন্ত্রী
ইনসেপ্টা ভ্যাকসিন প্ল্যান্ট বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
অবকাঠামো এবং জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস) মান অনুযায়ী ভ্যাকসিন উৎপাদন করে ইতিমধ্যেই ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড বিশ্বমানের প্লান্ট হিসেবে সক্ষমতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে সাভারের আশুলিয়ায় ইনসেপ্টা ভ্যাকসিনের বাল্ক ফ্যাসিলিটি, আর এন্ড ডি ফ্যাসিলিটি, প্রোডাকশন ফ্যাসিলিটি ও এনিম্যাল হাউস পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী জানান, দেশের মানুষ করোনা ভাইরাসে সচেতনা না হলে করোনা ভাইরাস ভয়াবহ রুপ নিতে পারে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার নতুন করে এই মুহূর্তে লক ডাউনের কথা চিন্তা-ভাবনা করছে না।
জাহিদ মালেক বলেন, আমি মনে করি কোভিড-১৯ এর সময়ে ভ্যাকসিন উৎপাদনের জন্য অন্য কোনো দেশও এই প্লান্ট ব্যবহার করতে পারবে। এতে বিশ্বের জনস্বাস্থ্য সুরক্ষিত হওয়ার ক্ষেত্রে ইনসেপ্টার ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বড় ধরনের ভুমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি, স্বাস্থ্যসেবা বিভাগ-এর সচিব মো. আব্দুল মান্নান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার, মো. খুরশীদ আলম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির প্রমুখ।
বার্তাবাজার/হৃ.আর