কক্সবাজারের উখিয়ায় পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট আদায়ের হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ আলম এমন দম্ভোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এই চেয়ারম্যান একই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি।
গত ১৬ মার্চ রাত ১১টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকায় আগাম নির্বাচনী প্রস্তুতি সভায় এ বক্তব্য দেন তিনি।
ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চেয়ারম্যান শাহ আলমকে বলতে শোনা গেছে— নৌকা প্রতীক তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঘর থেকে ডেকে নিয়ে নৌকা প্রতীক দেবেন। তিনি অন্য কোনো মার্কায় কাউকে ভোট দিতে দেবেন না। পুলিশ এখন সরকারি গুণ্ডাবাহিনী। এই পুলিশ দিয়ে পিটিয়ে নৌকায় ভোট নেওয়া হবে।
গত ১৬ মার্চ গভীর রাত থেকেই ভিডিওটি ফেববুকে অনেকের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে।
নির্বাচনী প্রস্তুতি সভায় চেয়ারম্যান শাহ আলম বলেন, আমার ভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে অনুসারী বসিয়ে গেছেন। আগামী আরও ১০ বছর আমরা ক্ষমতা ভোগ করব।
চেয়ারম্যানের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যানের বক্তব্য সাধারণ মানুষের মাঝে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী বলেন, নৌকার মনোনয়ন কে পাবে তা দলের নির্বাচনী বোর্ড ঠিক করবেন। বঙ্গবন্ধুকন্যা দলীয় সভানেত্রী তার ঘরে এসে নৌকা দিয়ে যাবে এ ধরনের বক্তব্য শিষ্ঠাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য দিয়ে তিনি দলীয় সভানেত্রীকে হেয় করেছেন।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনী নিয়ে বিরূপ ও অশালীন মন্তব্য না করার জন্য অনুরোধ করছি।
বার্তাবাজার/এসজে