সাংবাদিক মুজাক্কির হত্যা মামলা: ১২ আসামি কারাগারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত বার্তা বাজার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ২-এর বিচারক এসএম মোসলেহউদ্দিন মিজান এ নির্দেশ দেন।

কারাগারে প্রেরিত আসামিরা হলেন- বিক্রম চন্দ্র ভৌমিক, ফয়সাল আলম টিটু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান, ইউসুফ নবী বাহাদুর, আলমগীর হোসেন, রাহাত, আবদুল আমিন, সেলিম, আজিজুল হক মানিক, মোশারফ হোসেন ও সুজায়েত উল্যা সবুজ।

আদালত সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের করা বিস্ফোরক মামলায় কারাগারে থাকা ১২ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ সময় গ্রেফতারকৃতদের সাংবাদিক মুজাক্কির হত্যায় শোন অ্যারেস্টের আবেদন করে পিবিআই। দুপুরে শুনানি শেষে আদালত তাদের শোন অ্যঅরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত গত ৯ মার্চ বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক অটোরিকশাচালক নিহত হন।

এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বিকালে উপজেলার চাপরাশিরহাট পূর্ববাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ গুলিবিদ্ধ অর্ধশতাধিক আহত হন। পর দিন শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মুজাক্কির।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর