বিদায় নিলেন ‘যুবলীগের’ দায়িত্ব নিতে চাওয়া সেই বিশ্ববিদ্যালয় উপাচার্য

দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর অবশেষে বিদায় নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ ও বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে তিনি বিদায় নেন।

এর আগে ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডসহ নানা অপকর্মে বিতর্কিত হয়ে বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান পদচ্যুত হলে তিনি বলেছিলেন, ‘যুবলীগের দায়িত্ব পেলে তিনি উপাচার্য পদ ছেড়ে দিতে রাজি আছেন। প্রধানমন্ত্রী চাইলে তিনি যুবলীগের দায়িত্ব নিতে চান’।

বিদায়ের বিষয়ে ভিসি ড. মীজানুর রহমান বলেন, আমি বিদায় নিয়েই একসাথে চলে এসেছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষাসহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি। সবকিছুই সেট করা আছে এখন সৎ ও দক্ষ কেউ এসে চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত অব্যাহত রাখতে পারবে।’

তিনি আরও জানান, আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেয়া হলেও আমি দায়িত্ব নেবো না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না।

উল্লেখ্য, নিজ দফতর থেকে অধ্যাপক ড. মীজানুর রহমান বিদায় নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নানা মহল তার কাজের প্রশংসা, আলোচনা ও সমালোচনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর