‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রে অভিনয়ের পর থেকে নায়িকা দীঘি এবং চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর মধ্যে দ্বন্দ এখন শোবিজ অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ক্ষিপ্ত হয়ে দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলেও সম্ভোধণ করেন ঝন্টু। এই মন্তব্যের পরে তাদের মধ্যে চলমান দ্বন্ধ যেন আরও বেড়ে ওঠেছে। সম্প্রতি দেশের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ঝন্টুর এমন মন্তব্যের সমালোচনা করেন দীঘি।
তিনি বলেন, আমি ছবি নিয়ে কোনো কথা বলিনি। ঝন্টু আঙ্কেল গুরুজন, তাকে অনেক সম্মান করি। তিনি আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, পরিবার আমাকে শিক্ষা দিতে পারেনি। তারা আমাকে বাজে আইডিয়া দিচ্ছে। এটার পিছনে নাকি কারও হাত আছে! সবচেয়ে বড় কথা আমার মামাকে টেনে আনা হয়েছে। তিনি শোবিজের কেউ না। তিনি শুধুই আমার মামা, ভালো বন্ধু, অভিভাবক। বিতর্কের মধ্যে মামাকে টেনে আনা হয়েছে, তার নামে মামলা দিতে চাচ্ছে। ঝন্টু আঙ্কেল আমাকে দুই পয়সার মেয়ে বলেছেন। আমরা কাউকে এভাবে সম্বোধন করতে পারি না।
দীঘি আরও বলেন, এসব আলোচনা ছবি পর্যন্ত ঠিক ছিল। ব্যক্তিগতভাবে ঝন্টু আঙ্কেল আমাকে এভাবে আক্রমণ করে কথা বলতে পারেন না কোনোভাবেই। এতে আমি খুবই অ্যাবিউজ ফিল করেছি। খুব বেশি আঘাত পেয়েছি। উনার সাথে আর কী কথা বলবো? কীভাবেই বা কথা বলবো? প্রথমত তারা আমাদের সাথে কেউই যোগাযোগ করছে না। উনি পরিবার নিয়ে কেন কথা বললেন? উনি আমাকে দুই পয়সার মেয়ে কোন হিসেবে বললেন। আমি এমন কোনো পরিবারের সদস্য নই যে আমাকে কিছু বললে আমার আশেপাশের মানুষ চুপ থাকবে!
উল্লেখ্য, গত ১২ মার্চ দেশের বেশ কয়েকটি সিনেমাহলে মুক্তি পেয়েছে নায়িক হিসেবে অভিষিক্ত দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। দেলাওয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার ট্রেলার দেখে দীঘি বলেছিলেন, ‘দর্শকদের কথা কী বলব, ট্রেলার দেখে তো আমারই ভালো লাগেনি।’
এর জবাবে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘যে মেয়ে সিনেমা মুক্তির আগে বলে যে সেটি চলবে না, তার দাম দুই পয়সারও কম।’
বার্তাবাজার/এসজে