নির্বাচন থেকে সরতে আ’লীগ নেতাদের চাপ, বিষপান করলেন প্রার্থী

বরিশালের গৌরনদীতে নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল না করতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রতিপক্ষের চাপের মুখে বিষপান করেছেন এক ইউপি সদস্য পদপ্রার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

বিষপান করা ওই মেম্বার পদপ্রার্থীর নাম হাফিজুর রহমান হাওলাদার। তিনি একই ওয়ার্ডের সাবেক মেম্বার।

হাফিজুর রহমান হাওলাদার জানান, আগামী ১১ এপ্রিলের প্রথম ধাপের ইউপি নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার(১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খোকন হাওলাদার ও তার পক্ষে থাকা সরকার দলীয় লোকজন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

তিনি জানান, গত মঙ্গলবার রাতেও তারা তাকে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার জন্য বুধবার সকালে বিষপান করেন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য খোকন হাওলাদার বলেন, মঙ্গলবার রাতে আমাকে ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাফিজকে (যিনি বিষপান করেছেন) টরকী বন্দরে জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন হাওলাদারের ওষুধের দোকানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক হাওলাদারের উপস্থিতিতে সমঝোতার জন্য বৈঠকে বসেন।

তিনি আরও জানান, বৈঠকে আলোচনা চলাকালে হাফিজুর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে রাতে বাড়িতে পৌঁছে দিই। বুধবার সকালে লোক মুখে শুনতে পাই হাফিজ বিষপান করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর