পাকিস্তান সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান রয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, ‘পাকিস্তান সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান রয়েছে। পাকিস্তানের তিনটি প্রদেশ অখণ্ড ভারতের পক্ষে ছিল।

কেবল একটি প্রদেশ পাকিস্তান সৃষ্টির পক্ষে ছিল। এতে করে পাকিস্তান সৃষ্টির বিষয়টি আটকে যায়। তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা পাকিস্তান সৃষ্টির পক্ষে ভোট দেয় এবং বাঙালিদের ভোটে পাকিস্তান সৃষ্টি হয়।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন তরুণ ছাত্রনেতা বুঝতে পারেন যে পাকিস্তান দিয়ে বাঙালিদের ভাগ্যের উন্নয়ন হবে না। আর তাই ১৯৪৮ সালে বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করেন। তখন থেকেই মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু হয়।’

বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৯ মার্চ আকস্মিক কোনো ঘটনা নয়। পাকিস্তান আমলের দীর্ঘ ২৩ বছরের আন্দোলনের ফল। অনেকে মনে করেন, মুক্তিযুদ্ধ নয় মাস হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ নয় মাস হয়নি। পাকিস্থান সৃষ্টির পর থেকেই বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্য সংগ্রাম শুরু করেন। স্বাধীনতা সংগ্রাম মূলত শুরু হয় ১৯৪৮ সালে।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর বার্তা আগেই আঁচ করতে পারি। বঙ্গবন্ধু আগেই স্বাধীনতার বার্তা দিয়েছেন। সেই বার্তা পেয়ে ১৯৭১ সালের ১৯ মার্চ জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলি আমরা। এর আগে সশস্ত্র প্রতিরোধ কেউ করেনি। এটা স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর