রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানার ওসি জিল্লুর রহমানকে ড্রেসকোড লঙ্ঘনের অভিযোগে ক্লোজড করা হয়েছে।
বুধবার রাতে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম রূহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
রূহুল কুদ্দুস জানান, সরকারি বা জাতীয় অনুষ্ঠানে পুলিশের ড্রেসকোড রয়েছে। ডিউটিরত অবস্থাতেও পুলিশের পোশাকের বিষয়ে নির্দেশনা আছে। সরকারি ও জাতীয় অনুষ্ঠানে কাটাখালী থানার ওসি জিল্লুর রহমানকে ড্রেসকোড লঙ্ঘন করার অপরাধে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, বুধবার পবা উপজেলা পরিষদ আয়োজিত জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বাহিনীর পোশাকের ওপর টাই পরেছিলেন এবং মাথায় ভিন্ন ধরনের ক্যাপ পরেছিলেন ওসি জিল্লুর রহমান।
অনুষ্ঠান শেষে ওসি জিল্লুর রহমান নিজের ফেসবুক পেজে এ ছবি আপলোড করেন। এই বিষয়টি পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়ার নজরে পড়ে। বুধবার রাতেই ড্রেস লঙ্ঘনের বিষয়টি জানানো হয় আরএমপি কমিশনারকে।
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক রাতেই কাটাখালী থানার ওসির পদ থেকে জিল্লুর রহমানকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন।
বার্তাবাজার/কে.কে