চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা নারী দল।
আসন্ন সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ মার্চ) ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের নেতৃত্বে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা।
আগামী ২৮ মার্চ বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা নারী দল। বাংলাদেশ এসে তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন করবে তারা। এরপর ৪ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুইদল।
সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ সকাল সাড়ে ৯টায় শুরু হবে।
বাংলাদেশ নারী ইমার্জিং স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নুজহাত তাসকিনা টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, রুবায়া হায়দার ঝিলিক, ফারিয়া ইসলাম তৃষ্ণা, শারমিন সুলতানা, রিতু মনি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা সুলতানা, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।
বার্তাবাজার/নব