বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে কিশোরীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার ‘লেডি কিশোর গ্যাং লিডার’ তাহসিনা সিমিকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নগরীর পতেঙ্গা থানার এসআই মহিউদ্দিন চৌধুরী একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩ দিনের রিমান্ড শেষে বুধবার সিমিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার সিমিকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রামের পতেঙ্গা নেভাল বিচ এলাকায় এক তরুণীকে মারধরের একটি ভিডিও গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা নেভাল বিচ এলাকায় সিমি তার এক ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়।
এই ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার পর পুলিশ শনিবার তাহমিনা সিমিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন ওয়াসিফা চৌধুরী অর্না নামের এক তরুণী। তবে সিমির সহযোগী ও ছেলেবন্ধু মেহেরুল হাসানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বার্তাবাজার/পি