চাটমোহরে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পাবনার চাটমোহরে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম যমুনা রানী সরকার (৫৫)। তিনি পৌর সদরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যমুনা রানী সরকার নামের ওই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে কাজ শেষে ও পাশের বাড়িতে টিভি দেখে নিজের ঘরে ফিরেছিলেন। তারপর তার বিষয়ে কেউ কিছু জানে না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে গাছের নিচে হেলান দেয়া মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, মৃত যমুনা রানী সরকারের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখেছিল।

তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোঃমাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর