ফরিদপুরের বোয়ালমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠান পালন শেষে বাড়ি ফেরার পথে আকমল শেখ (৫৭) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর গ্রুপের সাথে হাসমত মাতুব্বর গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুই পক্ষই বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে হাসমত মাতুব্বরের লোকজন খিচুরি ভোজের আয়োজন করে। আকমল শেখ অনুষ্ঠানের খিচুরি খেয়ে বাড়ির দিকে যাওয়ার পথে অন্ধকারে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে গলায় মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে হাসপাতালে তাৎক্ষণিক দ্বায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহাবুবুল রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা সত্যিই দুঃখজনক। খুন যারাই করুক না কেন তদন্তপূর্বক অপরাধীদের কঠিন শাস্তি কামনা করি। তবে শুধু শুধু রাজনৈতিকভাবে বিনাদোষে কাউকে যেন অযথা হয়রানি না করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে মর্গে প্রেরণ করা হবে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি