অবশেষে সেই দাঁড়িওয়ালা যুবককে চাকরির প্রস্তাব দিয়েছে আড়ং
দাঁড়ি না রাখায় চাকরি না পাওয়া সেই যুবককে এবার চাকরির প্রস্তাব দিয়েছে সমালোচিত প্রতিষ্ঠান আড়ং। ভাইরাল হওয়া যুবক ইমরান হোসেন লিমনকে রাজধানীর তেজগাঁও শো-রুমে চাকরির প্রস্তাব দিয়েছে ব্র্যাকের ব্যাবসায়ী প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে লিখিতভাবে দুঃখ প্রকাশের পর লিমনকে মঙ্গলবার (১৬ মার্চ) চাকরির প্রস্তাব দিয়েছে তারা।
বিষয়টি আড়ংয়ের মিডিয়া সেল থেকে জানিয়েছেন পাবলিক রিলেশন অফিসার রেদওয়ান আহমদ।
তিনি বলেন, ওই যুবককে ফোন করে চাকরির প্রস্তাব দেয়া হয়েছে। তিনি চাইলে তেজগাঁও শো-রুমে চাকরি করতে পারবেন। আড়ংয়ের চাকরির নীতিমালায় দাড়ি বিষয়ক কোনো নেতিবাচক শর্ত নেই। সেদিন ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজনে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, দাঁড়ি থাকায় ঢাকার তেজগাঁও এলাকায় আড়ংয়ের একটি শো-রুমে চাকরি দেওয়া হয়নি- এমন অভিযোগ তুলে গত শুক্রবার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন ইমরান হোসাইন লিমন নামের এক যুবক। ৮ মিনিটের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হবার পর ফেসবুকে সমালোচনার ঝড় উঠে। সেই সাথে সিলেট নগরীর জেল রোডস্থ আড়ং শো-রুমের সামনে সোমবার সকাল ১১টায় ‘সিলেটের সচেতন আলেম সমাজ’র ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেয়া হয়।
বার্তাবাজার/এসজে