বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এ মুক্তি অর্জনের জন্য বাঙালি জাতি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করেছে। ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার বীজ রোপন করেছিলেন। ছয় দফা নিয়ে বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
জনমত সৃষ্টি করতে বঙ্গবন্ধু সারা দেশ সফর করেছেন, উত্তরবঙ্গ সফরের সময় আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর সফরসঙ্গী হবার। বঙ্গবন্ধুর সঙ্গে নৌকায় বিভিন্ন এলাকা সফর করেছি। বঙ্গবন্ধুকে অনেক কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল আমার।
মন্ত্রী বুধবার (১৭ মার্চ) ঢাকায় টিসিবি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতিকে মুক্ত করা, দেশের স্বাধীনতা অর্জন করা। তিনি দীর্ঘ সংগ্রাম ও স¦াধীনতা যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞ।
মন্ত্রী আলোচনা সভা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার মনের মানুষ। তাঁর মানবিক গুণাবলি ছিল অসাধারণ। বাঙালি জাতি বঙ্গবন্ধুকে আপন করে নিয়েছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। তিনি সারাটা জীবন বাঙালি জাতির জন্য কাজ করে গেছেন।
বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন সাবেক বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড এন্ড টেরিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মুনশি শাহাবউদ্দীন ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ।
বার্তাবাজার/এ.আর