বরগুনার পাথরঘাটায় ছয়টি তক্ষকসহ রিয়াজ নামের একজন বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে কোষ্টগার্ড। বুধবার (১৭ই মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাচনাপাড়া ৫ নং ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তক্ষকসহ বন্যপ্রাণী পাচারকারীর সদস্য এসমাইল আকনের ছেলে রিয়াজকে (৪০) পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পূর্বজোন পাথরঘাটা ষ্টেশনের কোষ্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট সাহারিয়ার ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট সাহারিয়ার ফাহিম বার্তা বাজারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পায় একদল বন্যপ্রাণী পাচারকারি চক্র সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে কথিত কয়েক কোটি টাকা মূল্যের তক্ষক নামের ৬টি বন্যপ্রাণী ধরেছে। ওই প্রাণীগুলো উদ্ধারের জন্য কোষ্টগার্ড গোয়েন্দা বাহিনী ক্রেতা সেজে বিভিন্ন কৌশলে পাচারকারি চক্রে সদস্য রিয়াজের বাড়ি যায়।
পরে দাম ঠিক করার পর রিয়াজ তক্ষকগুলোর স্যাম্পল (নমুনা) হিসাবে একটি তক্ষক কোষ্টগার্ড বাহিনীর সামনে আনে। এসময় রিয়াজকে আটক করে কোষ্টগার্ড। রিয়াজের তথ্যমতে আরও ৫টি তক্ষক উদ্ধার করা হয়েছে তার বাড়ির জঙ্গল থেকে।
পাথরঘাটা বন বিভাগের চরলাঠিমার বিট কর্মকর্তা মোঃ ইউসুব হাওলাদার বার্তা বাজারকে বলেন, কোষ্টগার্ড ৬টি তক্ষকসহ বন্যপ্রানী পাচারকারি চক্রে এক সদস্যকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী পাচারকারী আইনে মামলার প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশনায় তক্ষকগুলো বনে অবমুক্ত করা হবে।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/হৃ.আর