বিএনপিতে অনেক পার্টটাইম রাজনীতিবিদ আছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৭ মার্চ) বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।
খন্দকার দেলোয়ার হোসেনের বিষয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন ফুলটাইম রাজনীতিবিদ। আমাদের অনেকই আছেন পার্টটাইম রাজনীতিবিদ, পার্টটাইম ব্যবসায়ী। কিন্তু তিনি ছিলেন ফুলটাইম রাজনীতিবিদ।
রিজভী বলেন, আমরা প্রতিদিন গুণী রাজনীতিবিদদের হারাচ্ছি। খোন্দকার দেলোয়ার হোসেনকে হারালাম, ব্রিগেডিয়ার হান্নান শাহকে হারালাম, সর্বশেষ গতকাল হারালাম ব্যারিস্টার মওদুদ আহমদকে। এ ধরনের মানুষ হারিয়ে আমরা কাদেরকে পাচ্ছি? আমরা পাচ্ছি পাপুলকে, খালেদকে, সম্রাটকে। এরা রাজনীতিবিদ? এই যে রাজনীতির অধঃপতন, এটা সরকার সৃষ্টি করেছে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে, ঘটানোর পর যারা ক্ষমতায় ছিলেন, সবাই আওয়ামী লীগের লোক। সেটাও আওয়ামী লীগেরই সরকার। তখন বিএনপি ছিল না বা এখন যারা বিএনপি করে তাদের কেউ ওই ঘটনার সাথে জড়িত ছিল না।
এসময় রিজভী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে আগামীকাল বুধবার (১৮ মার্চ) দেশব্যাপী শোক দিবস পালন করারও ঘোষণা দেন।
বার্তাবাজার/এসজে