এলাকাবাসীর ধাওয়ায় মারা গেলো বিলুপ্ত প্রজাতির নীলগাইটি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত এলাকায় বিরল প্রজাতির প্রাণী নীলগাইটি দেখতে পায় স্থানীয়রা। দেখতে পেয়েই নীলগাইটি ধরার জন্য স্থানীয়রা দলবদ্ধ ভাবে ধাওয়া করেন। স্থানীয়দের ধাওয়ায় নীলগাইটি পালিয়ে সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের লোকালয়ে চলে আসে। এক পর্যায়ে ক্লান্ত হয়ে লোকালয়েই মারা যায় বিরল প্রজাতির এই নীলগাইটি।
বুধবার (১৭ মার্চ) দুপুরে আটোয়ারী সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।
নীলগাইটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে মৃত অবস্থায় এই নীলগাইটি উদ্ধার করে পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুরে নীলগাইটি আহত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন খচপাড়া এলাকার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, সীমান্ত দিয়ে নীলগাইটি ভারত থেকে আসছিলো হয় তো। ধারণা করা হচ্ছে, নীলগাইটি ধাওয়ায় ক্লান্ত হয়ে শ্বাসকষ্টে মারা গেছে। উদ্ধারের পর উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বিরল এই প্রাণীটি।
দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল-আল-মামুন বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে নীলগাইটি শ্বাসকষ্ট জনিত কারণে মারা গেছে। এখন এটিকে ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন আসলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।
আল-মামুন আরো জানান, নীলগাই বাংলাদেশের বিলুপ্ত প্রজাতির একটি প্রাণী। এটি বাংলাদেশে দেখা না গেলেও ভারতের বিভিন্ন অঞ্চলে চোখে পড়ে।
বার্তাবাজার/হৃ.আর