মওদুদ আহমদের জানাজা হচ্ছে না সংসদের দক্ষিণ প্লাজায়

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজা।

বুধবার (১৭ মার্চ) রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের জানাজা করোনা পরিস্থিতির কারণে অনুমতি না পাওয়ায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে না। এর পরিবর্তে মরহুমের জানাজা শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হবে। পরে তার জন্মস্থান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে আরও দুটি জানাজার পর দাফন করা হবে বাবা-মায়ের কবরের পাশে।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, যদি অনুমতি পাওয়া যায় তাহলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির এই বর্ষিয়ান নেতা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে।

বার্তাবাজার/কেকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর