বঙ্গবন্ধু অমর, অজেয় অবিনাশী: ইবি উপাচার্য
বঙ্গবন্ধুকে অমর, অজেয় অবিনাশী বলে অভিহিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বুধবার (১৭ মার্চ) দুপুর ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত “অবিনাশী বঙ্গবন্ধু” শীর্ষক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের সৃষ্টি অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। অবিনাশী বঙ্গবন্ধুর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেধে রাখা যায় না। অনুপরিলেখে তাকে সীমাবদ্ধ করা যায় না। সৃষ্টি কূলের মানুষ কিংবা প্রাণী সকলেই মরনশীল কিন্তু কিছু কিছু মহৎ প্রাণ মানুষ মরেন না। তাঁরা অমর, তাদের শেষ নেই, তাদের ক্ষয় নেই, তাদের বিনাশ নেই, তারা অজেয় অবিনাশী। এই কাতারের মানুষ হলেন সেই ফরিদপুরে টুঙ্গিপাড়া থেকে উঠে আসা শালপ্রাংশু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির দূত।
ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মানুষকে ধ্বংস করা যায় পরাভূত করা যায় না। বঙ্গবন্ধুকে কেউ ধ্বংস করতে পারেনি। ৩০৫৩ দিন কারাগারে রেখে পাকিস্তানী সামরিক জান্তারা তাকে ধ্বংস করতে চেয়েছিল কিস্তু পারেনি। বরং তিনি তাঁর কর্ম ও রাজনৈতিক বিচক্ষণতায় হয়ে উঠে ছিলেন অবিনাশী, চিরন্তন তাকে কখনোই মুছে ফেলা যাবে না।
এছাড়া ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপ-কমিটি-২০২১ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। ওয়েবিনার সঞ্চালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/এ.আর