বাঁশখালীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে উপজেলার চাম্বলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম (৩৫)। তিনি একই এলাকার আবদুর রহমানের ছেলে। নুরুল বাবার সঙ্গে চাম্বলবাজারে ডিমের ব্যবসা করতেন।

জানা যায়, ছুরিকাঘাতের পর তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবীর বার্তা বাজারকে বলেন, নিহত ওই ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুমন শাহ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর