ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে আপন দুই ভাইয়ের পাঁচ ঘর পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার আপন দুই ভাই হিরু শেখ ও নুর ইসলাম শেখ।
জানা যায়, বুধবার দুপুরে চর মাকড়াইল গ্রামের হিরু শেখের বসতঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগেই এ আগুন পার্শ্ববর্তী তার ভাই নুর ইসলাম শেখের বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে বাড়ীর লোকজনের আর্তচিৎকার গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ততক্ষণে খবর পেয়ে বোয়ালমারী উপজেলা ফায়ার সার্ভিস পৌঁছাতে পৌঁছাতে আগুনের লেলিহান শিখায় দুই ভাইয়ের পাঁচটি ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, তৈজসপত্র, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ আগুনের কবল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া কোনো কিছুই রক্ষা পায়নি। আগুনের সঠিক কোন কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য মো. জাফর শিকদার বার্তা বাজারকে জানান, তারা দুই ভাই কৃষি কাজ করে সংসার চালায়। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি আমি ইউনিয়ন পরিষদের সবাইকে জানাবো। তাদের জন্য কিছু করার চেষ্টা করবো।
এবিষয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান খান বার্তা বাজারকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আসলে ওই স্থানটি নদীর চর এলাকায় হওয়ার কারণে আমাদের পৌঁছাতে একটু বিলম্ব হয়েছে।
তিনি বার্তা বাজারকে আরো জানান, অগ্নিকাণ্ডে দুই পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর