চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার এশিয়ান এসআর আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম সাইফ আম্মর। তিনি আরব আমিরাতের আল আইন এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- HFF220608।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সাইফ আম্মরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলের ৭০৪ নম্বর রুমে বিদেশি নাগরিক সাইফ আম্মরের কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে দরজা খুললে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি বার্তা বাজারকে আরও জানান, সাইফ আম্মরের মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। তার মরদেহ আরব আমিরাতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, রাঙ্গুনিয়ার সালাউদ্দিন নামে এক যুবক আরব আমিরাতে সাইফের অধীনে কাজ করতেন।
গত ১৫ মার্চ সালাউদ্দিনের সঙ্গে বাংলাদেশে আসেন সাইফ। গত দুইদিন তারা চট্টগ্রামের এশিয়ান এসআর হোটেলে অবস্থান করছিলেন। ১৬ মার্চ রাতের খাবার শেষে সাইফ তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে তার সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
সুমন শাহ/বার্তাবাজার/হৃ.আর