কিশোরগঞ্জের বাজিতপুরে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এক কৃষকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে হয়েছে। কৃষকের স্বজনদের দাবি পূর্ব বিরোধের জেরে প্রতিবেশি মিজানুর রহমান এই মামলাটি দায়ের করেছেন।
ওই কৃষকের নাম আবু জামান। উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে তার বাড়ি। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি ঘটনায় তার নামে এই মামলাটি দায়ের করেন তারই প্রতিবেশি মিজানুর রহমান।
মামলার আসামিরা হলেন-বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আল আমিন (২৫) এবং গজারিয়া গ্রামের হাছেন আলীর ছেলে আবু জামান (৫০)।
মামলায় বলা হয়, বাদী মিজান শিকদারের বাবা বিলপাড় গজারিয়ার ‘শিকদার মডেল একাডেমি’র অধ্যক্ষ গিয়াস উদ্দিন ওরফে গেনু শিকদারের বিরুদ্ধে ১ নম্বর আসামি আল আমিন তার ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে পরিবারের সামাজিক মান-মর্যাদা ক্ষুণ্ন করেছেন। তবে ২ নম্বর আসামি আবু জামানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে মামলার বাদি জানান, আবু জামান তার পরিবারের নামে বিভিন্ন কুৎসা রটানোয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তিনি। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মামলায় আলামিনকে আসামি করা হলেও আবু জামানকে আসামি করার বিষয়ে বাদি মিজানুর রহমান জানান, মামলার এক নম্বর আসামি আল আমিন ও আবু জামান পরস্পরের আত্মীয় নন। তবে আবু জামানের প্ররোচনায় আল আমিন ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন।
আবু জামানের পরিবারের দাবি, এর আগেও তার নামে কয়েকদফা মামলা করেছে মিজানুর রহমান। এতে প্রায় নিঃস্ব ওই কৃষক।
কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পুরোনো জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আবু জামানকে এ মামলায় জড়ানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তদন্তে আবু জামান নিরপরাধ প্রমাণিত হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
বার্তাবাজার/এসজে