মনোনয়নপত্র জমা না দেয়ার জন্য হুমকি: মেম্বার প্রার্থীর বিষপান
মনোনয়নপত্র দাখিল না করার জন্য প্রতিপক্ষের হুমকির মুখে মানসিক ভারসাম্য হারিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মেম্বার প্রার্থী। মুমূর্ষ অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ই মার্চ) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে ।
চিকিৎসাধীন ইউপি সদস্য পদপ্রার্থী ও সাবেক মেম্বার হাফিজুর রহমান হাওলাদার জানান, আগামী ১১ এপ্রিলের প্রথম ধাপের ইউপি নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন।
তিনি আরও জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী প্রভাবশালী খোকন হাওলাদার ও তার লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উল্লেখিতরা তাকে মনোনয়নপত্র জমা না দেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এতে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার জন্য বুধবার সকালে বিষপান করেন।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেছেন।
অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য ও বর্তমান প্রার্থী খোকন হাওলাদার মুঠো ফোনে বলেন, মঙ্গলবার রাতে আমাকে ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজকে টরকী বন্দরস্থ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজু আহম্মেদ হারুন হাওলাদারের ঔষধের দোকানে তার উপস্থিতিসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আঃ রাজ্জাক হাওলাদারের উপস্থিতিতে সমঝোতার জন্য বৈঠক বসে।
বৈঠকে আলোচনার এক পর্যায়ে হাফিজুর অসুস্থ হয়ে পড়লে আমারা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে রাতে হাফিজের বাড়িতে পৌঁছে দেই। বুধবার সকালে লোক মুখে শুনতে পাই হাফিজ বিষপান করেছে।
বার্তাবাজার/হৃ.আর