বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের আকাশে মনোজ্ঞ উড্ডয়ন নৈপুণ্য প্রদর্শনী করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (১৭ মার্চ) দেশের বিভিন্ন স্থানের আকাশে বিমান দিয়ে ইংরেজি ১০০ তৈরী করে এই প্রদর্শনী করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর দিক নির্দেশনায় এই উড্ডয়ন শৈলী প্রদর্শন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবাষির্কী উদ্যাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিয়েছে ‘একশত’।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭, মিগ-২৯, ইয়াক-১৩০, কে-৮ডব্লিউ ও পিটি-৬ বিমান ও হেলিকপ্টার এর সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ বাংলাদেশের নীলাকাশে ফরমেশন ফ্লাইং-এর মাধ্যমে 100 তৈরি করে সমগ্র জাতির উৎসব ও উচ্ছ্বাসের রঙে যোগ করেছে এক নতুন মাত্রা। 100 তৈরির উড্ডয়ন শৈলীটি দেশের বিভিন্ন জেলায় প্রদর্শিত হয়।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর বিমান মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সম্বলিত ব্যানার ফ্লাই করা হয়। সূত্র-আইএসপিআর।
বার্তাবাজার/এসজে