শহীদদের সম্মান করা শিখতে বিদেশ যাচ্ছেন কর্মকর্তারা, ব্যয় অর্ধকোটি!

দেশের শহীদদের কিভাবে উত্তমরূপে মর্যাদা দেওয়া যায় তার শিক্ষা লাভ করতে ১৬ উচ্চপদস্থ কর্মকর্তা বিদেশ সফরে যাচ্ছেন। আর এজন্য ব্যয় ধরা হয়েছে ৪৮ লক্ষ টাকা।

ঘটনার সূত্রপাত, একনেক সভাশেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। যেখানে মঙ্গলবার (১৬ মার্চ) ৪ হাজার ১শ ২২ কোটি টাকা খরচে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

সভাশেষে ব্রিফিংয়ে বীর নিবাস নির্মাণ প্রকল্পে বিদেশ ভ্রমণের যৌক্তিকতা কি, তা নিয়ে সময় সংবাদের প্রতিবেদকের করা প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. মামুন আল রশীদ বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশ ‘মুক্তিযুদ্ধের’ মাধ্যমে স্বাধীন হয়েছে। সেসব দেশে শহীদদের কিভাবে মর্যাদা দেয়া হয়েছে তা দেখার দরকার আছে। সে কারণেই নিজে উৎসাহী হয়ে এই প্রকল্পে বিদেশ ভ্রমণে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।

মামুন আল রশীদ জানান, ১৬ জন কর্মকর্তার বিদেশে যাওয়ার পেছনে খরচ হবে ৪৮ লাখ টাকা।

যদিও, একনেক সভায় অনুমোদন দিয়ে ৩০ হাজার বীর নিবাস প্রকল্পের কাজ চলতি অর্থবছরেই শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর, এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু প্রকল্প প্রস্তাবনায় এধরণের ব্যয় বরাদ্দ রাখায় সরকারের কড়াকড়ির ফল নিয়ে এক ধরণের প্রশ্ন থেকেই যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর