প্রধানমন্ত্রীর কাছে ন্যায়, নীতি ও সত্যের কোনো দাম নেই: রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যায়, নীতি ও সত্যের কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ভাষাসৈনিক ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, নিজের পরিবার-পরিজন সন্তানের কথা না ভেবে নিজের কমান্ডারকে হত্যা করে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই জিয়াউর রহমানকে প্রধানমন্ত্রী বলছেন- ২৫ ও ২৬ মার্চ ব্যারিকেড দেওয়া বাঙালিদের হত্যা করেছে। এটি শুধুই মিথ্যা নয়, এটি জলজ্যান্ত জঘন্য অপপ্রচার। প্রধানমন্ত্রীর কাছে ন্যায়, নীতি ও সত্যের কোনো দাম নেই।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আকরব হোসেন বাবলু, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর