রাজবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৭ই মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯২০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়েরা খাতুনের চার কন্যা এবং দুই পুত্রের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর বাবা মায়ের দেয়া আদুরে নাম ছিল খোকা। কিশোর বয়সেই শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল।
বুধবার(১৭ মার্চ) সকাল ৯টায় প্রথমে জেলা প্রশাসনের পক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর পর্যায়ক্রমে সংসদ সদস্য কাজী কেরামত আলী সহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, কর্মী-সমর্থকদের নিয়ে রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ আলমগীর শেখ তিতু,বীর মুক্তিযোদ্ধাগণ, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহীম টিটনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন, জেলা মৎস্য দপ্তরসহ বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাজবাড়ী শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে শিশু সামাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিশু কিশোরদের উপস্তিতে কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিবৃন্দ নৃত্য,গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি