মওদুদ আহমেদকে নিয়ে আসিফ নজরুলের আবেগঘন স্ট্যাটাস

প্রবীণ আইনজীবী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে শোকাহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. আসিফ নজরুল।

মওদুদ আহমদের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘প্রিয় মওদুদ স্যার,
আপনি আর ফিরবেন না, হয়তো এটা জানতাম। হাসনা আপার (মওদুদের স্ত্রী হাসনা মওদুদ) ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট বলা ছিল সব। পরে আপনার মৃত্যুর সংবাদ পড়ে দেখি ৮২ বছর বেঁচেছিলেন। খুব একটা দুঃখ তাই আমাদের পাওয়ার কথা না।

কিন্তু তবু আমার মন ভার হয়ে আছে। আপনার হাসি, রসবোধ আর পাণ্ডিত্য মিস করব। রাজনৈতিক আর শাসনতান্ত্রিক ইতিহাস নিয়ে আপনার অসাধারণ বইগুলোর কথা মানুষকে বলব। মুক্তিযুদ্ধে আপনার অবদান চিরদিন শ্রদ্ধা করে স্মরণ করব।

জীবনে মাত্র তিন-চারবার দেখা হয়েছে আপনার সঙ্গে। কিন্তু আশ্চর্য এক বেদনা হয়ে আছেন আমার সঙ্গে এখন।

আমার ভালোবাসা নিন। দোয়া করি, আল্লাহ্ যেন আপনাকে ভালো রাখেন।’

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মওদুদ আহমদ। তার বয়স হয়েছিল ৮১ বছর।

ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ ও মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১-এ ইয়াহিয়া খান কর্তৃক আহুত গোলটেবিল বৈঠকে তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন।

তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক উপ-রাষ্ট্রপতি ছিলেন। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সংসস সদস্য ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর