জাতীয় স্মৃতিসৌধে মালদ্বীপের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকায় এসে পৌঁছেছেন। পরে বিমানবন্দন থেকে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছান। স্মৃতিসৌধে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
মালদ্বীপের রাষ্ট্রপতি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও সেখানে একটি বকুল ফুল গাছের চারা রোপন করেন।
এদিকে, স্মৃতিসৌধে মালদ্বীপের রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সাভার ও আশুলিয়াসহ ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
বার্তাবাজার/পি