উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আটালান্টাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।
এর আগে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।
ম্যাচের ৩৩ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় রিয়াল। এর ফলে ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস। ম্যাচের ৮২ মিনিটে গোল করে ব্যবধান কমান আটালান্টার কলম্বিয়ার ফরোয়ার্ড মুরিয়েল।
পরের মিনিটেই আটালান্টার জালে বল জড়ান বদলি নামা মার্কো আসেনসিও। এতে ৩-১ গোলে জয় পায় রিয়াল। দুই লেগে ৪-১ গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের দল।
বার্তাবাজার/নব