মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও দেশে মাস্ক পড়তে কড়াকড়ি অবস্থানে যাচ্ছে সরকার। সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুরু হয়েছে বাধ্যতামূলক মাস্ক পড়া কর্মসূচী। এরই মধ্যে জারি করা হয়েছে ১১ নির্দেশনা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত অভিযানে ঢাকা শহর ও ঢাকা জেলার পাঁচটি উপজেলায় ১৬৬টি মামলা করা হয়েছে।
এ বিষয়ে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, মঙ্গলবার থেকেই ভ্রাম্যমাণ আদালত নেমেছে ঢাকায়। ঢাকা শহর এবং ঢাকা জেলার পাঁচটি উপজেলায় ১৫ জন ম্যাজিস্ট্রেট ১৫টি ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেছেন। তারা ১৬৬ টি মামলা করেছেন। ২৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে ১ হাজার ২০০।
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেছেন, ‘মাস্ক ব্যবহারে এখন ঢিলেঢালা ভাব এসে গেছে। অন্যদিকে করোনা সংক্রমণ আবার বেড়েছে। এই প্রেক্ষাপটে মাস্ক ব্যবহারে আগের নির্দেশনাগুলোই কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, ‘‘আজকেই (মঙ্গলবার) ভ্রাম্যমাণ আদালত নামানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। দেশের সব জেলায়ই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। তারা জরিমানাও করবেন।’ সূত্র: ডয়চে ভেলে।
বার্তাবাজার/এসজে