উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহ্পুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আল আমিন খানের উপর উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের নেতৃত্বে একদল সন্ত্রাসীর আক্রমণ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ মার্চ) আনুমানিক বিকাল ৩টার দিকে প্রধানশিক্ষক আল আমিন খান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাক্ষাৎ করে আসার সময় উপজেলা পরিষদের গেইটে উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেকসহ একদল সন্ত্রাসী বাহিনী আল আমিন খানের পথ আটক করে তাকে মারধর করে।
প্রধান শিক্ষক আল আমিন খানকে মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে লাউর ফতেহ্পুর আরএনটি বালিকা বিদ্যালয়সহ আশেপাশের স্কুল গুলোতে ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও তার পালিত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান।
এবিষয়ে প্রধান শিক্ষক আল আমিন খান বার্তা বাজারকে বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্কুলের এডহক কমিটির বিষয়ে পরামর্শ করে আসার পথে পরিষদের গেইটে ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেকসহ আরও প্রায় ৩০/৪০ জন সন্ত্রাসী আমার উপর বেধরক হামলা চালায়। আমি সন্ত্রাসীদের যথাযথ বিচার চাই। কর্তৃপক্ষের কাছে আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তা চাই।
এবিষয়ে অভিযুক্ত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বার্তা বাজারকে বলেন, ম্যানেজিং কমিটির নাম জমা দিতে দেরি করায় কিছু কর্মী হেড মাস্টারের ওপর চড়াও হয়েছিল। আমি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওদের হাত থেকে স্যারকে বাঁচিয়েছি।
এ বিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিককে ফোন দিলে তিনি একটি প্রোগ্রামে ব্যস্থ আছেন। এবিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/হৃ.আর