শেখ হাসিনার নির্দেশে উপকূলে সবুজ বেষ্টনী গড়া হয়েছে: এমপি শাওন

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বিষয়ে জনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ই মার্চ) বিকেলে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজারের হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে লালমোহন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আয়োজনে মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়ায় দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দুর্যোগের পূর্ববর্তী ও দুর্যোগ চলাকালীন এবং পরবর্তী করণীয় সম্পর্কে সিপিপি-র কর্মীরা অভিনয় করে দেখান।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য (লালমোহন- তজুমদ্দিন) আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোলার চতুর্দিকে সবুজ বেষ্টনী গড়া হয়েছে। আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সবুজকে রক্ষা করতে হবে তা না হলে টেকসই উন্নয়ন এর সঠিক মাত্রা অর্জিত হবে না। সিপিপি-র দুর্যোগ ব্যবস্থাপনার পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী করণীয় নিয়ে করা অভিনয় দেখে আমি সত্যিই অভিভূত। দুর্যোগ এলে সাধারণ মানুষ যা করে তা বাস্তবে অভিনয় করে দেখিয়েছেন সিপিপির কর্মীগণ।

তিনি বলেন, ভৌগলিক অবস্থানের কারণেই দ্বীপ জেলা ভোলা একটি দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিটি দুর্যোগে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। একই সাথে দুর্যোগ মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয়। প্রাকৃতিক দুর্যোগ আমরা বন্ধ করতে পারবো না তবে সচেতনতা আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে পারবে।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশ। বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে এসেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান, অধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন প্রমুখ।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর