ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি, সন্দেহ আ’লীগ নেতাদের ওপর

ফেনীর সোনাগাজীতে ব্যাবসায়ীর স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ মার্চ) দিনগত মধ্যরাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃধা বাড়িতে ঘটেছে ঘটনাটি।

জানা যায়, সুজাপুর গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা, ঢাকার (ব্যবসায়ী) নাজরান গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোশারফ হোসেন মৃধার ঘরের জানালার গ্রিল কেটে রাত সাড়ে তিনটার দিকে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে।

এসময় তার স্ত্রী ও স্কুল পড়ুয়া কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে নেয়। আলমারিতে থাকা জমি বিক্রির নগদ ১৭লাখ টাকা, ২২ ভরি স্বর্ণ ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদি হয়ে অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মোশারফ মৃধা জানান, তিনি আগে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেতা ছিলেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয় পার্টিতে যোগদান করেন। এরপরেই স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা তাকে হুমকি-ধামকিসহ গালিগালাজ করতে থাকেন, তিনি সন্দেহ করছেন তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে সকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনাটি রহস্যজনক হওয়ায় অধিকতর তদন্ত করে মূল ঘটনা উদঘাটন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর