মাহফিল থেকে ফেরার পথে মুফতী সাঈফীসহ নিখোঁজ ৪

ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ফেরার সময় নিখোঁজ হয়েছেন মাহফিলের প্রধান বক্তা মুফতী মির মোয়াজ্জেম হোসেন সাঈফীসহ তার আরও ৩ সঙ্গী। গত রোববার (১৪ মার্চ) থেকে তারা নিখোঁজ থাকলেও মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় তার স্ত্রী নাঈমা সুলতানা বৃষ্টি মুক্তাগাছা থানায় একটি জিডি দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার দুল্লা ইউনিয়েনের প্রত্যন্ত অঞ্চল কুলুরঘাট এলাকার জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রসায় রোববার বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। ওই মাহফিলে রাত ১১টায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফী। রাত সাড়ে ১২টার দিকে ওয়াজ শেষ করে ব্যক্তিগত প্রাইভেট কারে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ২ ক্যামেরাম্যান মেহেদী হাসান ও ইসহাক আলী ইমন এবং গাড়িচালক ফয়সাল আহমেদ। এরপর থেকেই বহনকারী গাড়িসহ (ঢাকা মেট্রো-গ ১৫-০২৮৬) তারা নিখোঁজ রয়েছেন।

মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফী নরসিংদীর পাঁচদোনা জামে মসজিদের খতিব। চালক ফয়সাল আহমেদের বাড়ি রাজধানীর খিলগাঁওয়ে, ক্যামেরাম্যান মেহেদী হাসানের বাড়ি বগুড়ার আলমদিঘি আর ইসহাক আলী ইমনের বাড়ি পাবনার চাটমোহরের সেনগ্রামে।

মুফতি সাইফির স্ত্রী নাঈমা সুলতানা বৃষ্টি বলেন, গত রোববার দুপুর ২টায় ঢাকা খিলগাঁও ত্রিমোহনী পানিরপাম্প এলাকার বাসা থেকে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখার জন্য ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুলুরঘাট এলাকায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্দেশে রওনা হন সাইফী। রাত ৮টায় তিনি জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছেন। রাত ১১টায় শুরু করে ১২টা ১৬ মিনিটে তার বক্তব্য শেষে করেন। বক্তব্য শেষে ১২টা ৫১ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন। সে সময়ই তার সঙ্গে সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাদের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, গত রোববার রাতে কুলুরঘাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে অংশ নেন মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফী। এর পর থেকে তাদের পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পুলিশ ঘটনা জানার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর