সুন্দরবনের গভীর অরণ্যে বাঘের আক্রমণে আবুল কালাম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ এ তথ্য বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরণের সময় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, কালামসহ কয়েকজন বাওয়ালী বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পারমিট নিয়ে কয়েকদিন পূর্বে গোলপাতা আহরণের জন্য বনে যায়। মঙ্গলবার দুপুর ২টার দিকে পায়রাটুনি খালে গোলপাতা কাটার সময় তাকে বাঘে আক্রমণ করে বনের ভেতর নিয়ে যায়।
পরে অন্য বাওয়ালীরা দলবদ্ধ হয়ে বাঘের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মরদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/হৃ.আর