কুবির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বহুল প্রতীক্ষিত অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যলয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল (এমপি) ও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (এমপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ. হ. ম. মোস্তফা কামাল (এমপি) বলেন, ‘আধুনিক বাংলাদেশের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী কোন প্রশ্ন না করেই এ বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট দিয়েছেন। তার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি। আমার সময়-সুযোগ থাকলে আমি নিজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে পড়ালেখা করতাম। আমার সেই সময়-সুযোগ নেই। এখন যারা পড়ছেন তারাই এটিকে এগিয়ে নিবেন।’

এ সময় মহিবুল হাসান চৌধুরী (এমপি) বলেন, ‘আগে থেকেই কুমিল্লা শিক্ষা-সংস্কৃতির দিক থেকে এগিয়ে আছে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাফল্যের নতুন একটি পালক যুক্ত করলো। সেনাবাহিনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভৌত উন্নয়ন হবে কিন্তু বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভৌত উন্নয়নই যথেষ্ট নয়। শিক্ষার মান বৃদ্ধি করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রকল্পের সাথে জড়িতদের যদি আমরা সহযোগিতা করি তাহলে কাজ আরো দ্রুত গতিতে হবে। আমি আসার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণেই আমরা দ্রুত এ প্রজেক্ট একনেকে পাশ করাতে পেরেছি। তবে অভিজ্ঞতার ঘাটতির কারনে প্রকল্পের কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রকল্প বাস্তবায়নে যে গড়িমসি তা জানতে পেরে মাননীয় অর্থমন্ত্রীর সাথে পরামর্শ করে এ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেয়া হয়েছে।’

ভার্চুয়াল ক্লাসরুমে বক্তৃতার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাটি কেটে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। পরবর্তীতে দোয়ার মাধ্যমে এ উদ্বোধন কাজ শেষ করা হয়।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর