গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এটিএসআইকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ফটকের সামনে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ফটকের সামনে চিকিৎসক ডাঃ মাসুদ রানা বাসায় যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত রিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় ডাঃ মাসুদ রানা ওই রিক্সা চালককে হাসপাতালের ভিতরে নিয়ে বেধড়ক পিটাতে থাকে এই দৃশ্য দেখে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের এটিএসআই সাইফুল ইসলাম এগিয়ে আসলে ডাঃ মাসুদ রানা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যকে পিটাতে থাকে।
এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। এ সময় পুলিশের সামনেই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন উত্তেজিত হয়ে পুলিশকে উদ্দেশ্য করে গালাগালি করে এবং হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের হুমকি দেয়।
এ বিষয়ে চিকিৎসক ডাক্তার মাসুদ রানা বার্তা বাজারকে জানান, তিনি হাসপাতালের কার্যক্রম শেষে বাসায় যাওয়ার সময় হঠাৎ করেই অতর্কিতভাবে পেছন থেকে ব্যাটারি চালিত অটো ধাক্কা দিলে অটো ড্রাইভারের সাথে বাকবিতন্ডা হয়। সে সময় হঠাৎ করেই পেছন থেকে ট্রাফিক পুলিশের এ এসআই আমাকে লাঠি দিয়ে পেটাতে থাকে।
ট্রাফিক পুলিশের এএসআই সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, ডাক্তার মাসুদ অতর্কিত ভাবে অটো ড্রাইভারকে মারধর শুরু করলে আমি তাদেরকে সমাধানের জন্য গেলে ডাক্তার মাসুদ আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরবর্তীতে আমার সহকর্মীরা এগিয়ে আসলে সেখান থেকে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বার্তা বাজারকে জানান, ভূল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। ঝামেলার মিমাংসা হয়ে গেছে।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/হৃ.আর