দেড় বছরেও আসেনি ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক প্রধানকে হাইকোর্টে তলব

গাজীপুরে আলামীন নামে এক ব্যক্তিকে হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন দীর্ঘ দেড় বছরেও না দেওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধানকে হাইকোর্টে তলব করা হয়েছে।

আগামী ১লা এপ্রিল ফরেনসিক বিভাগের প্রধানকে সশরীররে হাইকোর্টে উপস্থিত হয়ে প্রতিবেদন না দিতে পারার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একইসাথে ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকেও উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ওই হত্যা মামলার আসামি হাবিবুর রহমানের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন আদালত। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আরাফাত কাউসার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর আলামীনকে নৃসংশভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বড়ভাই বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। আর আলামীনের ময়না তদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ)। আর মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

এরইমধ্যে মামলার আসামি হাবিবুর রহমান হাইকোর্টে জামিন আবেদন করেন। এ জামিন আবেদনের ওপর শুনানিকালে গত দেড়বছরেও মামলার তদন্ত সম্পন্ন না হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তলব করেন। এ নির্দেশে তদন্ত কর্মকর্তা গতকাল হাইকোর্টে হাজির হন।

তিনি আদালতকে জানান, ময়না তদন্ত প্রতিবেদন চেয়ে ডিএমসিএইচের ফরেনসিক বিভাগে তিনবার আবেদন করা হয়েছে। কিন্তু প্রতিবেদন না পাওয়ায় শেষ পর্যন্ত এই প্রতিবেদনের জন্য গাজীপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন গত ২৪ জানুয়ারি। এরপরও ওই প্রতিবেদন পাওয়া যায়নি। যার প্রেক্ষিতে আদালত আদেশ দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর