রাজধানীতে পুলিশের গাড়ির সাথে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

রাজধানীর শ্যামপুর থানার সামনে ট্রাকের ধাক্কায় পুলিশের একটি গাড়ি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গেছে। মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে থানার সামনে পুলিশের গাড়িটি পার্কিং করা ছিল। গাড়িটিতে তখন কেউ ছিল না। মঙ্গলবার ভোর ৪টার দিকে হঠাৎ গাড়িটির পেছনে এসে একটি ইট ভর্তি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর পরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা হয়েছে।

শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলম বলেন, ‘ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে খোঁজা হচ্ছে। ট্রাকটিকে জব্দ করে রাখা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের আটক করা সম্ভব হবে ’

পুলিশের এক কর্মকর্তা বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। পুলিশের গাড়িটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে যদি পুলিশ সদস্যরা থাকতেন তা হলে বড় ধরনের প্রাণহানীর সম্ভাবনা ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর