গাজীপুরে টঙ্গী মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প ও সড়ক প্রশস্তকরণের জন্য বৈদ্যুতিক খুঁটি অপসারণের করতে গিয়ে খুঁটি ভেঙে ডেসকোর ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নেটওয়ার্ক প্রতিষ্ঠানের ২ জন শ্রমিক নিহত ও ১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টায় স্পিড সিএনজি পাম্পের সামনে খুঁটি অপসারণের সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার শামসুল হকের ছেলে সোহাগ (২৫), জামালপুর জেলার রসুল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৬)। আহত হয়েছে সাইফুল (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরেই বিআরটি কাজের জন্য পুরনো বৈদ্যুতিক খুঁটি গুলো অপসারণ করা হচ্ছে। প্রতিদিনের মত আজও মেসার্স নেটওয়ার্ক ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা খুঁটিগুলো অপসারণ করছিলেন। সেখানে শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপসারণের সময় হঠাৎ করেই পুরনো বৈদ্যুতিক খুঁটি ভেঙে শ্রমিকদের গায়ে পড়ে যায়।
ঘটনাস্থলেই সুমন ও সোহাগ নিহত হয়। গুরুত্ব আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দুটি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত মেসার্স নেটওয়ার্ক ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা মরদেহগুলো রেখে পালিয়ে যায়। পুলিশ নিহত ২ জনের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/হৃ.আর