‘অস্ত্রবাজিসহ সবকিছু পরিচালনা করছেন ওবায়দুল কাদেরের স্ত্রী’
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সম্প্রতি চলে আসা সকল বিবাদের পেছনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন নেছা কাদের জড়িত বলে দাবি করেছেন সেতুমন্ত্রীর ভাই ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, আজকে যে তাণ্ডব আমার ওপর চলছে, আমার কর্মীদের ওপর চলছে, আমার ওপর অস্ত্রবাজি চলছে, সমস্ত ঘটনা পরিচালনা করছেন আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ইশরাতুন নেছা কাদের। তার নেতৃত্বে সব কিছু হচ্ছে।
তিনি বলেন, ইশরাতুন নেছা কাদের ‘সবাইকে ঐক্যবদ্ধ করে আমি ও আমাদের নেতা-কর্মীদের ওপর লেলিয়ে দিয়েছে’। আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে দীর্ঘ দিন পর্যন্ত আমার ওপর অত্যাচার চলছে। আমার কর্মীদের ওপর নির্যাতন চলছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে যেভাবে তাণ্ডব চলছে, আমাকে গুলি করে হত্যার পরিকল্পনা করেছে- এই প্রেক্ষাপটে আমি আপনাদের বলতে চাই, হয়তো আমার জীবন অবসান হবে। আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে। ইনশাআল্লাহ, ৯০ ভাগ মানুষ আমার সাথে আছে।
এর আগে শনিবার রাতে বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ পারিবারিক দু’টি ছবি পোস্ট করে কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’
বার্তাবাজার/এসজে